নওগাঁর মান্দায় নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন নীরব প্রশাসন জনমনে ক্ষোভ

‎মোঃ রায়হান আলী, নওগাঁ :

‎নওগাঁর মান্দায় আত্রাই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। উপজেলার ১৩ নং কসব ইউনিয়নের ঘোলহাড়িয়া এলাকায় অবৈধভাবে এই বালু উত্তোলন করছে একটি কুচক্রী প্রভাবশালী মহল। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইতিমধ্য বিলীন করা হয়েছে খেলার একটি মাঠ, ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে পাশে অবস্থিত মাছের অভয়াশ্রম এবং নদীর পাহাড়ি ধ্বসে ফসলি জমি হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের দাবি উপজেলা প্রশাসনকে বারবার জানানোর পরেও নিচ্ছে না প্রয়োজনীয় কোন ব্যবস্থা। এতে করে পুরো এলাকা জুড়ে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোলহাড়িয়ে এলাকায় প্রশাসনের জব্দকৃত বালি বিক্রয়ের মেয়াদ শেষ হয়েছে বেশ কিছুদিন পূর্বেই। কিন্তু এরপরেও সেই স্থান থেকে নদীর পাহাড়ি কেটে গর্ত করে দেদারসে উত্তোলন করা হচ্ছে বালি। সেই সাথে পহেলা চৈত্র নদী ইজারার মেয়াদ শেষ হলেও নদীতে ড্রেজার মেশিন বসিয়ে ক্ষমতার দাপটে জেলা বিএনপির সদস্য পরিচয় দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আরিফুল ইসলাম রানা নামের এক ব্যক্তি। স্থানীয়রা বলছেন রানার প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তলনে সহযোগিতা করে যাচ্ছেন স্থানীয় আসলাম নামের আরো একজন যুবক। তবে আরিফুল ইসলাম রানার দাবি দ্বিতীয় বিটার হিসাবে তিন মাস পরে তারা নদী বুঝে পেয়েছিলেন যার কারণে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। সে অনুযায়ী জেলা প্রশাসকের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়েছে। তাই আমরা বালু উত্তোলন করছি বলে তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ইজারার মেয়াদ শেষ হয়েছে এখন বালু উত্তোলনের কোন সুযোগ নেই। যারাই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, ইতিমধ্যেই মান্দা উপজেলাধীন আত্রাই নদীর কোথাও বালি নেই বলে আমরা জেলা প্রশাসক জানিয়েছি। পূর্বে ইজারা নিয়েছিলেন তাদেরও মেয়াদ শেষ হয়েছে। এখন যদি কেউ অবৈধভাবে বালি/মাটি উত্তোলন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *