বাগাতিপাড়ায় ছাত্রলীগ নেতা জনি গ্রেফতার

তৌফিকুল ইসলাম পল্লব,  বাগাতিপাড়া (নাটোর)  প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবিএম রবিউল হাসান জনি। জনি বাগাতিপাড়া উপজেলার কাজিরচক মালঞ্চি গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার তমালতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে জনিকে আটক করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে, জনির গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *