“খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য বদলাবে”—নাটোরে হুইপ দুলু

গোলাম মাওলা সাগর, নাটোর প্রতিনিধি:

নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নে হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “খাল খননের মাধ্যমে পানিকে সংরক্ষণ করে কৃষকের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।”

শনিবার দুপুরে পান মোকামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় পঞ্চাশ বছর আগে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও খাল খনন কার্যক্রমকে গুরুত্ব দিয়ে পুনরায় শুরু করেছেন বলে তিনি উল্লেখ করেন।

দুলু আরও বলেন, দেশের মানুষ মূলত কৃষিনির্ভর এবং কৃষিই অর্থনীতির প্রধান ভিত্তি। “কৃষক বাঁচলেই দেশ বাঁচবে”—এ কথা উল্লেখ করে তিনি দাবি করেন, একসময় দেশে এক ফসল উৎপাদিত হলেও বর্তমানে তিন ফসল উৎপাদন সম্ভব হচ্ছে, যা পূর্ববর্তী উদ্যোগেরই ফল।

তিনি পানি সংকটের প্রসঙ্গ তুলে বলেন, খরা মৌসুমে দেশে পানির অভাব তীব্র আকার ধারণ করে। ফারাক্কা ও তিস্তা ইস্যুর কারণে পানির প্রবাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ সমস্যা সমাধানে খাল পুনঃখনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা খাল পুনঃখনন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *