কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় শিবগঞ্জে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রগতি কল্যাণ সংস্থা”। দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম শুরু করেছে তারা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আটমুল ইউনিয়নের বেতগাড়ী মীর শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

তিনি বলেন, দেশে এখনও মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডের সময় স্যানিটারি প্যাড ব্যবহার করেন। বাকি নারীরা অস্বাস্থ্যকর পদ্ধতি ব্যবহার করায় বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আলাউদ্দিন, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য প্রভাষক মাহফুজার রহমান, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

উল্লেখ্য, প্রগতি কল্যাণ সংস্থা ভবিষ্যতেও কিশোরীদের মাঝে নিরাপদ স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *