তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে রাস্তার এইচবিবি (হেরিংবোন বন্ড) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশিদ সোনা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক নেতা ও ইউপি সদস্য হাফিজুর রহমান এবং ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, খন্দকার মালঞ্চি গ্রামের রানী আহমেদের বাড়ির সামনের গুরুত্বপূর্ণ কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়কটি এইচবিবি পদ্ধতিতে উন্নয়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, “রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি বর্ষাকালে চলাচলের দুর্ভোগও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”
তিনি জানান, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা রাস্তা উন্নয়ন কাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, সড়কটি নির্মিত হলে গ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
খন্দকার মালঞ্চিতে এইচবিবি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
