বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

মো. তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রাম আদালত বিষয়ে প্রচার ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।
বাগাতিপাড়া ও নলডাঙ্গা উপজেলার গ্রাম আদালত সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, ক্যাবের উপজেলা সভাপতি আব্দুল মজিদ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় গ্রাম আদালত সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রাম আদালত আইন-২০০৬ অনুযায়ী স্বল্প খরচে ও স্বল্প সময়ে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, গ্রামের অনেক প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের পক্ষে নিয়মিত আদালতে গিয়ে মামলা পরিচালনা করা সম্ভব হয় না। ফলে তারা অনেক সময় ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। অন্যদিকে আদালতে মামলার সংখ্যা বেশি হওয়ায় অনেক বিষয়ে দ্রুত নিষ্পত্তি সম্ভব হয় না, যা বিচারপ্রার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে অতি স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকায় সাধারণ মানুষ দ্রুত বিচার সুবিধা পেতে পারেন। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে ক্যাবের উপজেলা সভাপতি আব্দুল মজিদ বলেন, “স্বল্প খরচে ও কম সময়ে বিচার নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করা একটি সময়োপযোগী উদ্যোগ। তবে বিচারপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে বিশেষভাবে নজর দিতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দেবাশীষ বসাক গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আদালতের ওপর চাপ কমাতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, আইনগত কাঠামো এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনগণের কাছে সহজলভ্য করার বিষয়ে মতামত প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *