নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের ৮টি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও কয়েকটি বসতবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে মো. সাহাবুরের ছাগলের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বসতবাড়িগুলোতে। এ সময় ঘরে থাকা ১০টি ছাগলের মধ্যে ৮টি আগুনে পুড়ে মারা যায় এবং গুরুতর দগ্ধ অবস্থায় ২টি ছাগল উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডে পাশের বাড়ির আবু তাহেরের নগদ প্রায় ২০ হাজার টাকা ও আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া আবুল কালাম আজাদের ঘরে সংরক্ষিত ভুট্টাও আগুনে বিনষ্ট হয়। পশ্চিম ও উত্তর পাশের অন্তত দুটি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুদ তালুকদার। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
