বাগাতিপাড়ায় জুলাই শহীদ দিবস পালিত

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা :
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।
সভাপতির বক্তব্যে ইউএনও দেবাশীষ বসাক বলেন, “আমরা যদি সবাই মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা কঠোর হাতে মোকাবিলা ও দমন করা সম্ভব হবে।” তিনি সবাইকে জুলাইয়ের চেতনা ও আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, কনজুমারস এসাসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি আব্দুশল মজিদ,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু রায়হান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ, মোহাম্মদ লিটন আলী এবং সদস্য মো. আশিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *