“৬৮ হাজার গ্রামের উন্নয়নই বাংলাদেশের উন্নয়ন” — হুইপ দুলু

নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৬৮ হাজার গ্রামের উন্নয়নই বাংলাদেশের উন্নয়ন। তাই বিএনপি সরকার দেশের প্রতিটি অবহেলিত জনপদে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবে।

শুক্রবার (বিকেল) নাটোর সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সাইক্লোন সেন্টারের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি গ্রামীণ উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল মনে করে, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বন্যাপ্রবণ এলাকায় আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন সেন্টার, রাস্তাঘাট, স্কুলকলেজ, মাদ্রাসাসহ সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি হিংসাবিদ্বেষের রাজনীতি নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন করতে চায়।

জুলাই গণআন্দোলনের প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, দুই বছর আগে জুলাই মাসে ছাত্রজনতা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। দেশের মানুষ দীর্ঘদিনের অত্যাচার, গুম, খুন নিপীড়নের কথা ভুলে যায়নি। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী চক্র বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তাই সবাইকে সচেতন থেকে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ এইচ তালুকদার ডালিম এবং হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলসহ স্থানীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *