বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

উপজেলায় ৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা

শাহারিয়ার হোসেন, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় ৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপনের আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সভায় অংশগ্রহণকারীরা।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।

সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আফজাল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন ক্যাব সভাপতি ও সাংবাদিক আব্দুল মজিদ, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, স্মাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা্ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পুলক কুমার রায় প্রমূখ।

সভায় জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৩০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখা, সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা মাদকাসক্ত অবস্থায় কিংবা নেশাজাতীয় দ্রব্য সেবন করে কেউ যেন পূজামণ্ডপ বা মন্দিরের আশপাশে ঘোরাফেরা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবই নয়, এটি অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক। তাই উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় উপজেলার ৩০টি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *