বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

ফ্যামিলি কার্ড কার্যক্রমের সম্ভাব্য সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

শাহারিয়ার হোসেন, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সম্ভাব্য সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় পর্যায়ে আয়োজিত এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. ভবসিন্ধু রায়, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রশীদ চৌধুরী, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস, বিএনপি নেতা আমিরুল ইসলাম জামাল এবং ছাত্রদল নেতা শফিকুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি ও সাংবাদিক আব্দুল মজিদ, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লব এবং প্রেসক্লাবের সদস্য মোতালেব আলী পান্না, আবু রেজা, শাহরিয়ার বিদ্যুৎ ও লিটন আলীসহ অন্যান্যরা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সম্ভাব্য সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিত করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহের প্রক্রিয়া, উপকারভোগী শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য অনুযায়ী প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের ভুল, অসম্পূর্ণ তথ্য কিংবা অনিয়ম যেন উপকারভোগী নির্বাচনে প্রভাব না ফেলে, সে জন্য দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং তথ্য যাচাইয়ের কার্যকর ব্যবস্থা এ ধরনের কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারকে চিহ্নিত করার ক্ষেত্রে সঠিক তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তাই ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও পরবর্তী কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা এবং জনসচেতনতা বাড়ানোর বিষয়টিও তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্থানীয় প্রশাসন দেশের বিভিন্ন উপজেলা ও জেলায় এই অবহিতকরণ প্রেস কনফারেন্সের আয়োজন করেন। এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন (পুতুল) বক্তব্য রাখেন।মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় পর্যায়ে আয়োজিত প্রোগ্রাম দেখানো হয়।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন বাগাতিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *