সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, মাত্র এক মাসের মধ্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি প্রতিশ্রুতি আমরা সম্পন্ন করতে পেরেছি। এটা বর্তমান সরকারের অনেক বড় সাফল্য। তিনি আজ মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নাটোরের লালপুরে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, পাঁচটি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে ফ্যামিলি কার্ডগুলোকে মানুষের কাছে পৌছে দেওয়া হবে। এই মুহূর্তে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে এই কার্ডের টাকা পৌঁছে গেছে।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে প্রত্যেকটি পরিবারের একজন নারী সদস্য এই কার্ড পাবেন।একটি পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের কর্তৃপক্ষ হিসেবে এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন। আমরা বিশ্বাস করি, নাটোরের চারটি আসনসহ রাজশাহী বিভাগের আটটি জেলাতেই ক্রমান্বয়ে কার্ডের কাজ শুরু হবে।
প্রতিমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড শুরু হবে, তখন এটি একটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের অর্থনীতিকে চালিত করে রাখবে। যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন আমরা এগিয়ে যেতে পারবো।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং লালপুর উপজেলার ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোস্তাফিজুর রহমান টুটুল
নাটোর প্রতিনিধি
